নিজস্ব প্রতিবেদক | ক্রাইম ক্রনিকল 


বাংলাদেশ ও ইরানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর প্রস্তাব দিয়েছে ইরান। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ ১ বিলিয়ন ডলারে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমী জাহানাবাদী।


সোমবার (২২ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালু করতে সহযোগিতা কামনা করেন। বৈঠকে দুই দেশের সংসদীয় সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।


স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের সংসদের সঙ্গে বাংলাদেশের সংসদের নিবিড় সম্পর্ক গড়ে তুলতে সংসদীয় টিম গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হলে উভয় দেশ উপকৃত হবে বলে মন্তব্য করেন।


বৈঠকে ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে পেট্রোকেমিক্যাল পণ্য, ইউরিয়া সার ও খাদ্যসামগ্রী রপ্তানির প্রস্তাব দেন। পাশাপাশি ইরানের উন্নত চিকিৎসা সেবা গ্রহণে বাংলাদেশিদের উৎসাহিত করার আহ্বান জানান। অন্যদিকে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে তেহরানের আগ্রহের কথাও তুলে ধরেন তিনি।


এ সময় দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি নবায়ন এবং সংসদীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।


ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের জনগণের যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।