স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল


টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন শ্রমজীবী মানুষ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। সোমবার ভোরে ঢাকা-টাঙাইল হাইওয়ের কালিহাতীর সারতৈল এলাকায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


নিহতদের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা এবং বাকি দুজন রাজশাহীর তানোর উপজেলার। একসঙ্গে এত শ্রমজীবী মানুষের প্রাণহানিতে তাদের নিজ নিজ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহতরা সবাই উত্তরাঞ্চলের শ্রমিক। জীবিকার তাগিদে তারা ট্রাকে করে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। পথে যমুন সেতুর পূর্ব প্রান্তের সারতৈল এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়।


দুর্ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। আহতদের দ্রুত উদ্ধার করে টাঙাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।


মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জানান, নিহতদের অধিকাংশের বাড়ি মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের রাজেন্দ্রবাটি (ডেবরা) থেকে চিকলা বলাক্ষেত্র এলাকার মধ্যে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর ওইসব এলাকায় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।


ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতোয়ার রহমান বলেন, ট্রাকটিতে রড বহনের পাশাপাশি শ্রমিকরাও যাত্রী হিসেবে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি এবং চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণেই ট্রাকটি খাদে পড়ে যায়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।